চাঁপাইনবাবগঞ্জ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ ও এলাকাবাসীর আয়োজনে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক অনারারী ক্যাপ্টেন আলহাজ্ব সায়েদুজ্জামান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ। এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা শওকত আলী, ইউসুফ আলী লাভলু, স্থানীয় বাসিন্দা সাগর। বক্তারা বলেন, মাদকাসক্তি এক ভয়াবহ মরণব্যাধি। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের আনাগোনা বেড়েই চলেছে। মাদকের করালগ্রাসে নিমজ্জিত বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে নাা দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে যুব সমাজ। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে তরুণ প্রজন্মকে। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া বহিরাগতরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদের চিহ্নিত করতে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যবস্থা গ্রহণ করবে। যে পরিবারে কেউ মাদকাসক্ত হয়ে গেলে একমাত্র সেই পরিবারই বলতে পারবে মাদকাসক্ত কি যন্ত্রণা। তাই এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় এলাকাবাসী সর্বো”চ প্রতিরোধ গড়ে তুলবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা।