টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগণের দোরগোড়ায় গিয়ে সুশাসন ও উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরছেন দলটির নেতারা।
সম্প্রতি টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
তিনি বলেন, “বিগত দিনে অনেক সরকার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেনি। এবার জামায়াতকে ক্ষমতায় পাঠিয়ে দেখুন- তারা জনগণের প্রতি দেয়া প্রতিশ্রুতি রাখতে পারে কিনা।”
অধ্যাপক করিম আরও বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। দুর্নীতি ও অন্যায়ের অবসান ঘটিয়ে উন্নয়ন, শিক্ষা ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পাঁচগাঁও ইউনিয়নের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুস ছালাম, আড়িয়ল ইউনিয়নের সভাপতি আফজাল হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, অধ্যাপক ফজলুল করিমের সততা ও জনসেবামূলক কর্মকা- তাঁকে এলাকায় এক নির্ভরযোগ্য নেতৃত্বে পরিণত করেছে।