সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রীর ও দুই সন্তানের জননী শিউলি আক্তার (৩৭)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৪ নবেম্বর) সকালে স্থানীয় চাচার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শিউলি আক্তার কাকালদী গ্রামের মো. ইসমাইল হাওলাদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে একাই চাচার বাড়িতে বসবাস করছিলেন। প্রায় দেড় বছর আগে কুমিল্লার সোহাগ নামে এক সৌদি প্রবাসীর সঙ্গে তার টেলিফোনে বিয়ে হয়। এরপর থেকে স্বামীর পরিবার ও শিউলির মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

শিউলির মা বিলকিস বেগম জানান, ‘বিয়ের পর থেকেই আমার মেয়েকে টাকা-পয়সা নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন মানসিকভাবে নির্যাতন করত। বিষয়টি গ্রামের অনেকে জানতেন।’ খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

শিউলি আক্তারের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই সন্তানকে রেখে তার এমন মৃত্যুতে প্রতিবেশী ও স্বজনরা শোকহত।