নারী মৎস্যজীবীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে গঠিত হয়েছে “ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন”। এই উদ্যোগ বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার (WJCC), ‘ফিসনেট প্রকল্প’-এর আওতায়। এতে কারিগরি সহায়তা প্রদান করেছে উন্নয়ন সংস্থা উত্তরণ এবং অর্থায়ন করেছে UK International Development।

গত ২৭ জুলাই, রবিবার সকাল ১০টায় চাঁদপাই ইউনিয়নের কানাইনগর বাজার সংলগ্ন একটি ক্লাব ভবনে অনুষ্ঠিত হয় ফেডারেশন গঠন সভা। সভায় অংশগ্রহণ করেন ২৩ জন নারী মৎস্যজীবী, যারা স্ব স্ব এলাকার প্রাথমিক মৎস্যজীবী দলের নেতৃত্বে রয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ-এর ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোকলেছুর রহমান কামাল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টার-এর ফিসনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন।

গঠন সভায় সরাসরি ভোটের মাধ্যমে কমলা সরকারকে সভাপতি এবং ফারজানা আক্তারকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া ১১ সদস্যের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়, যারা ভবিষ্যতে ফেডারেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন।

ফেডারেশন গঠনের পুরো প্রক্রিয়ায় মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডব্লিউজেসিসি ও উত্তরণ ফিসনেট প্রকল্পের সংশ্লিষ্ট ফ্যাসিলিটেটররা।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই ফেডারেশন চাঁদপাই ইউনিয়নের প্রান্তিক নারী মৎস্যজীবীদের স্বনির্ভরতা অর্জন, নেতৃত্ব বিকাশ এবং সংগঠিত একটি প্ল্যাটফর্ম তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।