রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে উদ্ধার করতে ছাত্রদল নেতার এলোপাথাড়ি গুলিতে মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন রূপঞ্জের ভুলতা মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। এর আগে মঙ্গলবার বিকালে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে
মাঝিপাড়া এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। এদিকে আটকে রাখার খবর জানতে পেয়ে দলবল নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জায়দুল বাবু খোকাকে ছাড়িয়ে নিতে স্থানীয় জনতার দিকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ব্যবসায়ী মামুন ভূঁইয়া। গুলিবিদ্ধ গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভুলতা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিলেন। গতকাল বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজনসহ এলাকাবাসী তাকে আটক করেন। খবর পেয়ে ছাত্রদল নেতা জাইদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হন এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন।
রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ বলেন, গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত্র ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলিবর্ষণের পর এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যান বাবু। উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনি দিয়ে রূপগঞ্জ থানা-পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রাতে নিহতের বড় ভাই বাদল বাদী হয়ে ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছে।
দল থেকে বহিষ্কার
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলি চালানো সেই ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি । বুধবার (১১ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় (দপ্তর সম্পাদক) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বিষয়টি অনুমোদন করেন। এ ছাড়া ছাত্রদলের সকল নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ করা হয়েছে।