সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুর আবারও রক্তাক্ত সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে। এবার লক্ষ্যবস্তু হয়েছেন গণমাধ্যমকর্মীরা। গতকাল দুপুরে সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন এখন টেলিভিশনের দুই সাংবাদিক। ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় তাদের ওপর। আহত অবস্থায় দুজনকেই হাসপাতালে নেয়া হয়। নৃশংস এ হামলা ওই এলাকায় পুলিশের কার্যকর উপস্থিতি ও জবাবদিহিতা নিয়ে নতুন করে সন্দেহ ও উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে চমেক হাসপাতাল আহত সাংবাদিকদের দেখতে আসেন সীতাকুণ্ড জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী ও এড. হোসাইন মোঃ আশরাফ।
সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে কাল্লু (২৮) নামে একজন নিহত হয়েছে। একই ঘটনা আহত হয়েছে উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন। এরা বেশির ভাগ চাপাতি দিয়ে কোপানো ও গুলীবিদ্ধ বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মোহাম্মদ রাসেল বলেন, ঘটনার পর জঙ্গল সলিমপুর এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ ধরনের ‘চেষ্টা চলছে’ বক্তব্যে সন্তুষ্ট না হয়ে, জনগণ এখন দৃশ্যমান অগ্রগতি ও ফলাফল দেখতে চায়; এমন মন্তব্য করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম। আহত সাংবাদিক হোসাইন আহমেদ জিহাদ জানান, তারা কোনো পক্ষের হয়ে যাননি, শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনে সেখানে গিয়েছিলেন। কিন্তু কোনো কিছু বোঝার আগেই তাদের ওপর হামলা চালানো হয়। ক্যামেরাপারসন পারভেজ বলেন, মারধরের সময় মনে হয়েছিল তিনি বেঁচে ফিরতে পারবেন না। আশেপাশে কোনো পুলিশি উপস্থিতি ছিল না বলেও জানান তিনি।