মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার মদনে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এমন ঘটনা ঘটেছে। নিহত কৃষক তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা ও ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত। কৃষি জমিতে কাজের শ্রমিকের খোঁজে রবিবার সন্ধ্যায় রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সাথে তর্ক হয়। এ ঘটনায় কয়েকজন মিলে কৃষক হারুন চৌধুরীকে মারধর করে। এ সময় হারুন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তায়েব হোসেন জানান, ‘হারুন চৌধুরী নামের এক কৃষককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। মৃত ব্যক্তির শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ জানান, ‘ একজন কৃষককে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’