বাঘা (রাজশাহী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেছেন, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হলে নিজেদের নৈতিক মান উন্নয়ন করা জরুরি। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে।
গতকাল শুক্রবার সকালে জামায়াতের বাঘা উপজেলা শাখার উদ্যোগে ইসলামী একাডেমি স্কুল এন্ড কারিগরি কলেজের হল রুমে অনুষ্ঠিত এক কর্মী শিক্ষা শিবিরে তিনি একথা বলেন। উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন (নূহু)’র সভাপতিত্বে ও সেক্রেটারি ইউনূস আলীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে রাজশাহী জেলা আমীর প্রধান অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন জামায়াতের রাজশাহী আঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন। এছাড়াও বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জিন্নাত আলী, অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে জামায়াত কর্মীদেরকে মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন ও মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।