সখিপুর সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত আমিনা বেগম পার্শ্ববর্তী কালিহাতি উপজেলার বর্গা গ্রামের আ. লতিফ মিয়ার স্ত্রী। নিহতের দেবর আব্দুল হাই জানান, আমিনা বেগম (ভাবী) গত ৫/৬ বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি আরো জানান, রোববার (১৫ জুন) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এদিকে সোমবার (১৬ জুন) সকালে বাড়ি থেকে ৩ কি.মি দূরে সখিপুর উপজেলার চকপাড়া এলাকায় রাস্তার পাশে আমিনা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।