সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে উজ্জ্বল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের জাফরশাহী (ভাটারা) রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত উজ্জল উপজেলার ভাটারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত উজ্জ্বল কিছুদিন আগে সৌদি আরবে কাজের জন্য ভিসার আবেদন করেছিলেন। সোমবার সকালে ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে ঢাকায় যায়। পরে বিকেলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দিগামী আন্তনগর যমুনা এক্সপ্রেসে ট্রেনে করে সরিষাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে জাফরশাহী (ভাটারা) রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছলে উজ্জ্বল চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করে। এ সময় ভারসাম্য হারিয়ে সে ট্রেনের নিচে পড়ে যায় এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।