শান্তিগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর এই তিন উপজেলার মিলনস্থল চন্ডিডহর। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ নদী পারাপারে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষাকালে নৌকা এবং শুষ্ক মৌসুমে অস্থায়ী বাঁশের সাঁকোই হয়ে উঠেছে লাখো মানুষের একমাত্র ভরসা।

এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ও প্রায় ১৫ লক্ষ মানুষের নির্বিঘœ চলাচলের সুবিধার্থে চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। চন্ডিডহর বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এই মানববন্ধনে তিন উপজেলার সর্বস্তরের মানুষ— প্রবীণ, তরুণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রবাসীরা একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। বিশেষ করে জগদল, দরগাপাশা ও কলকলি ইউনিয়নের হাজারো মানুষ এতে যোগ দিয়ে ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

জনস্রোতে মুখর ছিল চন্ডিডহর এলাকা।

দুপুর গড়ানোর আগেই চন্ডিডহর এলাকায় নেমে আসে জনতার ঢল। হাতে লেখা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনে একটাই দাবি— “চন্ডিডহরে সেতু চাই, এখনই চাই।”

তিন উপজেলার শত শত শিক্ষার্থী স্লোগান দিতে দিতে অংশ নেয়— “অঙ্গীকার নয়, বাস্তবায়ন চাই”, “ভোগান্তি নয়, চাই স্থায়ী সমাধান”, “জনগণের দাবি— সেতু নির্মাণ হোক এখনই।” বক্তব্যে উঠে আসে জনমানুষের প্রাণের দাবি।