আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘির সান্তাহারে ৪০ লিটার চোলাই মদসহ রুবিনা খাতুন (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবিনা খাতুন উপজেলার সান্তাহার সাহেব পাড়ার শামছুল মন্ডল ওরফে চাঁনের স্ত্রী।

পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে আদমদীঘির সান্তাহার সাহেবপাড়া এলাকায় বাড়িতে মাদক রেখে বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রুবিনা খাতুনের বসতবাড়িতে অভিযান চালান। এসময় তার শয়ন ঘরের চৌকির নিচ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার-সহ রুবিনা খাতুনকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গ্রেফতারকৃত রুবিনা খাতুনের নামে থানায় মাদক মামলা রুজু করে গতকাল সোমবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।