সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার দুই কর্মচারী মারপিটের ঘটনায় করা মামলা মিথ্যে দাবি করে তা প্রত্যাহারের জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন এলাকাবাসী ও ব্যবসায়ীদের ব্যানারে সম্প্রতি শহরের গোয়ালপাড়া এলাকায় মডার্ণ পাবলিক টয়লেটের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, মামলায় প্রধান আসামী শেখ শুভ’র বাবা সাহিদ হোসেন, ভাই শেখ নিলয়। তারা বলেন, শেখ শুভ একজন জুলাই যোদ্ধা ও সমাজকর্মী এবং ব্যবসায়ী। তাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসামী করা হয়েছে। মূলত: পৌরসভার তত্ত্বাবধানে চালিত মডার্ণ পাবলিক টয়লেটের সামনের বিশাল জায়গা দখল করে আওয়ামী লীগ নেতা শাহীন দীর্ঘদিন থেকে অবৈধ কারবার চালিয়ে আসছে।
এখানে কয়েকটি অস্থায়ী দোকান করে ভাড়া দেয়াসহ দিনেরাতে প্রকাশ্যে মাদকের আড্ডা, জুয়াসহ নানা অপকর্ম করা হয়। সম্প্রতি শাহীন ওই জায়গায় স্থায়ী স্থাপনা তৈরির উদ্যোগ নেয়। এতে বাধা দিয়ে স্থানীয় লোকজন তা নিজেদের আয়ত্বে নেয়। এমতাবস্থায় গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার সহকারী কর আদায়কারী সুজন শাহ ও পানি শাখার বিল ক্লার্ক মোকছেদ আলী বুলডোজার ওই জায়গায় এসে বুলডোজার দিয়ে দোকানগুলো গুড়িয়ে দেয়। এতে দোকানদার ও এলাকাবাসী রুখে দাঁড়ায়।