সাতক্ষীরার শ্যামনগর পৌর বিএনপি’র কাউন্সিল ঘিরে দলের অভ্যন্তরীণ বিরোধ ও সংঘর্ষের ঘটনায় শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিবরসহ ১৩ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

রোববার (২৭ জুলাই) সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়। বিষয়টি মঙ্গলবার জানাজানি হয়।

জানা যায়, গত ২৫ জুলাই বিকেলে শ্যামনগরের নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের জন্য কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলর তালিকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়।

এতে সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, কর্মী আনোয়ার-উস সাহাদাৎ মিঠু, আশরাফ বাবু, লিয়াকত আলীর জামাতা সাদিকুল ইসলাম তোহা, বেয়াই ডাঃ নজরুল ইসলাম ও মহসীন কলেজ ছাত্রদলের সদস্য আশিক হোসেন আহত হন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি ১৩ জন নেতাকর্মীকে শোকজ করে। শোকজ নোটিশে বলা হয়, “২৫ জুলাই অনুষ্ঠিত কাউন্সিলে আপনারা যে আচরণ করেছেন, তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

জেলা বিএনপি আহবায়ক রহমাতুল্লাহ পলাশের নির্দেশে দেওয়া ওই নোটিশে আরও বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে।

শোকজ পাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিবর, হায়বাতপুর গ্রামের বিএনপি কর্মী বাবু, সদর ইউনিয়ন (বর্তমান পৌরসভা) যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য মফিজুল মফিজুর রহমান মফু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী এবং ৯নং ওয়ার্ড (বর্তমানে ৮নং) যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

এছাড়া শোকজ পেয়েছেন সদর ইউনিয়ন যুবদলের সদস্য মফিজুর রহমান, আলামিন খাঁ, বিএনপি কর্মী সাদিকুল ইসলাম তোহা, শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ, কর্মী তুহিন, ফরিদ এবং মফিজুর রহমান।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, “শ্যামনগরের ১৩ নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। তাদের জবাব দলীয় শৃঙ্খলা পরিপন্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”