ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের ঈদগাঁওতে চুরির স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুটপাট করা হয়েছে। ডাকাতের প্রহারে আহত হয়েছে তিনজন। খবর পেয়ে ঈদগাঁও থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।
ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড নাপিতখালী চাক্কার দোকান এলাকার মৃত ফজল করিমের পুত্র সৌদি প্রত্যাগত ও স্থানীয় দোকানদার সাহাব উদ্দিনের বসত বাড়িতে দুর্ধর্ষ এ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার আনুমানিক রাত দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে সশস্ত্র সাত/আট জন ডাকাত এ ঘটনা ঘটায়। চুরির স্টাইলে ঘরের সম্মুখের গেস্ট রুমের জানালার রড কেটে ডাকাতরা ভেতরে ঢুকে। পরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেট লুট করে। এ সময় গৃহকর্তাসহ তিনজন আহত হন।
১০০ গজ দূরত্বে অবস্থিত স্থানীয় রাজনৈতিক কর্মী নুরুল হুদা নকশা জানায়, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গৃহকর্তার কাছ থেকে ডাকাতির বিস্তারিত জানতে পারি।
ঘরের মালিক সাহাব উদ্দিন জানান, তিনি ডাকাত দলের ৭/৮ জন সদস্য দেখতে পেয়েছেন। আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। ডাকাতদের হাতে দা, কোড়াল সহ দেশীয় অস্ত্র ছিল। তারা দু-একটি মোবাইল আছাড় মেরে ভেঙ্গে দেয়। ডাকাতের প্রহারে তিনি নিজে, তার ভাই মৃত রফিকুল ইসলামের স্ত্রী এবং তার ভাইপো ফাহিম আহত হয়েছে।
তিনি দাবি করেন, ডাকাত দল ৯ ভরি স্বর্ণ, এক লক্ষ ৬৫ হাজার টাকা ও তিনটি মোবাইল লুট সহ দুইটি মোবাইল ভাঙচুর করেছে। আজ রাতে এ ব্যাপারে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।
সমাজ সর্দার জহির আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার দিন গৃহকর্তার শাশুড়ি বেড়াতে এসেছিলেন। তাই ডাকাত দল প্রচুর স্বর্ণ লুটপাট করার সুযোগ পায়।