মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি সুতার গোডাউন ও একটি ঝুট মালামালের দোকান এ অগ্নিকান্ডটি ঘটেছে নরসিংদীর মাধবদীতে।
জানা গেছে, গত ১৩ জুলাই দিবাগত রাতে নরসিংদী-মাধবদী মদনগঞ্জ রেল সড়কের কোতালিরচর এলাকার মাধবদী ফায়ার সার্ভিস কার্যালয় সংলগ্ন লুৎফর রহমান লুৎফুল্লাহর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, রাতে হঠাৎ মার্কেটটির সুতার গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরো একটি সুতার গোডাউন সহ অপর একটি ঝুটের দোকানে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে সুতা ও ঝুট পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন ব্লক দেয়ায় মার্কেটের অন্যান্য দোকানে আগুন ছড়াতে পারেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি। তদন্তের পর আগুনের উৎস কী ছিল ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।