মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে একটি যাত্রীবাহী ট্রলার থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) ভোর ৬টায় মোহনপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, মা ইলিশ ধরার উপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে ট্রলার থেকে জব্দকৃত ইলিশসমূহ মানবিক বিবেচনায় মুদাফর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন এবং সোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. কামরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি জেলেদেরও সহযোগিতা বাড়ছে। নদীতে টহল বৃদ্ধি এবং সচেতনতামূলক কার্যক্রমের কারণে ইলিশ রক্ষা কার্যক্রম আরও জোরদার হয়েছে।