গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি, যার ফলে ভ্যাপসা গরম আর আকাশে অস্থায়ী মেঘের আনাগোনা দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭ শতাংশ।
ঢাকা ও আশপাশের এলাকায় গতকাল সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া সংক্ষিপ্ত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আর এসময়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
একইসঙ্গে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে কোনো ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। তবে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে ২৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, আজ সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে ।
এ দিকে আগামী পাঁচদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।