আলীকদম সংবাদদাতা : সম্প্রতি বান্দরবানের আলীকদম সেনা জোনের অধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৫ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে। সেনা সদস্যরা কুরুকপাতা ইউনিয়নের দরিমুখ পাড়াস্থ বিদ্যামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালায়।
আটককৃত ব্যক্তিরা হলেন: আব্দুস শুকুর (৪২), সাকনাও ম্রো (৪০), জসিম উদ্দিন (৩৬)। তারা নয়াপাড়া ও কুরুকপাতা ইউনিয়নের মুক্তার সর্দার পাড়া, দড়ি পাড়া ও বাগান পাড়ার বাসিন্দা। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও নগদ ৬৩,৩৫০ টাকা জব্দ করা হয়েছে। আলীকদম থানাকে বিষয়টি জানানোর পর, এসআই মোঃ মিনহাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান এবং ১২ জুলাই ২০২৫ তারিখ রাত ১টা ৫০ মিনিটে ইয়াবা ট্যাবলেট জব্দ করেন ও আসামিদের হেফাজতে নেন। পরবর্তীতে, আলামতসহ আসামিদের থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)সারনীর ১০(গ)/২৬(১)/৪১ ধারায় মামলা নং ০১, তারিখ ১২/০৭/২০২৫ রুজু করা হয়েছে। এসআই উপন বড়ুুয়া এই মামলাটির তদন্তের দায়িত্বে আছেন।