শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার ০৮নং কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগান থেকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ঘটনাস্থলে উপস্থিত শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলক কান্তি গুন জানান, নিহত যুবকের নাম হৃদয় মিয়া (ইয়াছিন) তাঁর পিতার নাম লিটন মিয়া ও মায়ের নাম হাসিনা বেগম। নিহতের পরিবার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহীবাগ আবাসিক এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। তাদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।
অস্ত্র ও মাদকসহ শীর্ষ ৪ সন্ত্রাসী আটক
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চার শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতজুড়ে। আটককৃত সন্ত্রাসীরা হলেন- আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। এদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।