সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট এলাকার সহস্রধারা-২ ঝরনার হ্রদের পানিতে ডুবে তাসিন আনোয়ার (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত তাসিন বাংলাদেশ জীবন বীমা কর্পোরেশনের সচিব লুৎফুর নাহারের ছেলে এবং এবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

গত ১৪ জুন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যারপর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন। জানা গেছে, চট্টগ্রাম শহরের বায়েজিদ এলাকার ডিএইচও-৫১ থেকে তাসিনসহ সাতজন বন্ধু সীতাকু-ের ইকোপার্কসহ বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসে। ইকোপার্ক ভ্রমণ শেষে তারা ছোট দারোগারহাট সহস্রধারা ঝরনার পাশের একটি লেক এলাকায় গোসল করতে নামে।

এ সময় লেকের পাড়ে পা পিছলে তাসিন গভীর পানিতে পড়ে যায়। সে সাঁতার জানতো না এবং পানির গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় তলিয়ে যায়। বন্ধুরা সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনার খবর পেয়ে সীতাকু- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় লেক থেকে তাসিনের লাশ উদ্ধার করে।

সীতাকু- থানার এসআই রাসেল জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ও প্রশাসনের উপস্থিতিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়।

নিহত তাসিন আনোয়ার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আনোয়ার কবিরের পুত্র। তার মা লুৎফুর নাহার জীবন বীমা কর্পোরেশনের সচিব এবং বাবা কেইপিজেডে প্রকৌশলী হিসেবে কর্মরত।