মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ১০ জন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার খবর শুনে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠেছে। পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ইশরাত জেবিন নামে এক অসহায় পরিবার। সন্ত্রাসীদের হুমকি-ধমকির ভয়ে চরম আতংক ও উৎকন্ঠার মধ্যদিয়ে দিন কাটছে তাদের।

জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের পিপড়িয়া গ্রামে এক নারকীয় তান্ডব চলে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত হাশেম ব্যাপারীর ছেলে আশরাফুল ইসলামের সাথে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের হেলাল খন্দকারের ছেলে সন্ত্রাসী শাহিন খন্দকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ১২ জুন বৃহস্পতিবার দুপর আনুমানিক সাড়ে ১১টায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আশরাফুলদের বাড়িতে গিয়ে চেচাঁমেচি করতে থাকে। এ ঘটনার প্রতিবাদ করায় আশরাফুলের ভাবি ইশরাত জেবিনের উপর হামলা চালায়। মাকে রক্ষা করতে এসে তার আরো ৩ মেয়েও সন্ত্রাসীদের হামলা ও শ্লীতাহানির স্বীকার হন। এ সময় সন্ত্রাসীরা ইশরাত জেবিনের হাত ভেঙ্গে স্বর্ণালঙ্কার নিয়ে যায় এবং বাড়িতে থাকা ডেকোরেশনের মালামাল ভাংচুর করে। ঘটনায় ইসরাত জেবিন বাদী হয়ে সন্ত্রাসী শাহিন খন্দকারসহ ১০ জনের বিরুদ্ধে সোমবার রাতে একটি মামলা করেছেন।