পার্বতীপুর সংবাদদাতা : পার্বতীপুর শহরের পশ্চিম হুগলীপাড়া গ্রামে আলফাজুর রহমান এর বাড়ীতে গতকাল রবিবার রাতে যৌথবাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে আব্দুর রউফ ওরফে অপুকে ২হাজার ২শত ৮৯পিচ ভারতীয় নেশাজাত ট্যাফেন্ডাডল ট্যাবলেট, ৭৫ হাজার টাকা, ৫টি এ্যানড্রয়েড ফোন ও ৫টি বাটন মোবাইল সেটসহ তাকে আটক করে থানায় সোপর্দ করেছে।

পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা যায় গতকাল ২২ জুন রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল পার্বতীপুর শহরের পশ্চিম হুগলীপাড়া গ্রামের আলফাজুর রহমানের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। বাড়ি ঘর তল্লাশি করে ২ হাজার ২শত ৮৯টি নেশাজাতীয় ভারতীয় ট্যাফেন্ডাডল ট্যাবলেট ও নগদ ৭৫ হাজার টাকাসহ ১০টি মোবাইল সেট উদ্ধার করে মাদক ব্যবসায়ী আলফজুর রহমানের ছেলে আব্দুর রউফ ওরফে অপুকে গ্রেফতার করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে। মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ওরফে অপু দীর্ঘদিন যাবত বেপরোয়াভাবে ভারতীয় ট্যাফেন্ডাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে গ্রামাবাসী জানায়। সে স্থানীয় বিএনপি’র রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলে জানা যায়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ওরফে অপুকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে পার্বতীপুর থানা পুলিশ জানায়।