বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সরকারের ভিডব্লিউবি কর্মসূচির কার্ডধারীদের চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগে তাদের আটক করা হয়। গত সোমবার রাত ৯টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ওই ১১ ইউপি সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিডব্লিউবির চাল বিতরণের আগে সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করেন ইউপি সদস্যরা। এ ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা পরিষদ চত্বরে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী, পুলিশ ও ইউএনও শাহরিয়ার নজির। অভিযুক্তদের কাছ থেকে মোট ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।