মিরসরাই সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিষিদ্ধ মেলখুম ট্রেইল ঘুরতে এসে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

গতকাল বুধবার দুপুরে মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানার সোনাপাহাড় মেলখুম ট্রেইলে এ ঘটনা ঘটে। বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস নিহতদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- গালিব (২২) এবং হৃদয় (২২)। আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও ফাহিম। তাদেরকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুজন। মঙ্গলবার রাত হওয়ার পর তারা না ফেরায় বুধবার সকালে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটায় তাদের উদ্ধার করা হয়। বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে আড়াইটা গালিব এবং রিদয়ের লাশ উদ্ধার করি। এছাড়া আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে তিনজনকে আনা হয়েছে।