আনোয়ারা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রর্‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রাখা হয়েছে। ওই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রর্‌্যাব-৭ এর একটি আভিযানিক দল দক্ষিণ পরুয়াপাড়া এলাকার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে রর্‌্যাব সদস্যরা ওই বাড়ির গৃহবধূ মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেখানো মতে বাড়ির বারান্দায় খাটের নিচে লুকানো অবস্থায় একটি নীল ও কালো রঙের ব্যাগে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো ১০টি ইটসদৃশ প্যাকেট থেকে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।