সাদুল্লাপুর সংবাদদাতা : দরিদ্র পরিবারের সন্তান শাহাদাৎ হোসেন। চিকিৎসার জন্য অসুস্থ বাবা তার সাধ্যের সবটুকু শেষ করে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। কিডনি রোগে আক্রান্ত শাহাদাৎ এর শারীরিক অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হয়ে যাচ্ছে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দূর্গাপুর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. শাহাদাৎ হোসেন। শাহাদাৎ হোসেন (৩২)-এর দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে।
তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হসপিটালের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
শাহাদাৎ এর সপ্তাহে ২ দিন ডায়ালাইসিস করতে যেতে হয় রংপুরে। মাসে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ব্যয়। যা বহন করা দরিদ্র ও অসুস্থ বাবার পক্ষে সম্ভব না।
বড় ভাই শাহ আলম জানান, আট ভাই বোনের মধ্যে শাহাদাৎ সবার ছোট, ছোট ভাই চিকিৎসার অভাবে মারা যাবে এটা ভাবতে যেমন হৃদয় ক্ষত-বিক্ষত হচ্ছে অন্যদিকে জমা-জমি বিক্রি করে, অন্যের কাছে ঋন করে ছোট ভাইটির মুখের দিকে তাকিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এদিকে ডাক্তার বলেছেন, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে।
এ জন্য ১০ থেকে ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা দরিদ্র শাহাদাৎ এর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। মৃত্যুই যেন তার শেষ ঠিকানা।
অসহায় পিতা মোজাম্মেল হক নির্বাক তাকিয়ে ক্ষণে ক্ষণে চোখের জল ফেলছেন একটি সম্ভাবনাময় প্রাণকে বাঁচানোর আকুতি নিয়ে। সন্তানের আর্তনাদ যেন তাকে প্রতিদিনই কুরে কুরে খাচ্ছে।
এ অবস্থায় তার পরিবার পক্ষ থেকে সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।