জুলাই-ডিসেম্বর ২০২৫ তারুণ্যের উৎসবের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘ব্রির অর্জন ও অগ্রগতি: তারুণ্যের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এতে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিতত্ত্ব বিভাগের প্রধান এবং তারুণ্যের উৎসবের ফোকাল পয়েন্ট, ড. মো. আদিল বাদশাহ, যেখানে ব্রির অর্জন ও অগ্রগতির পাশাপাশি তরুণদের অংশগ্রহণ ও কৃষি ক্ষেত্রে নতুন উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মশালায় ব্রির বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এবং কাজী আজিম উদ্দিন কলেজের ৫০ জন তরুণ অংশগ্রহণ করেন। তারা ব্রির গবেষণা কার্যক্রম ও ধান চাষের উন্নয়নমূলক দিক সম্পর্কে তথ্য ও অভিজ্ঞতা লাভ করেন। ব্রির পক্ষ থেকে উল্লেখ করা হয়, তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ধানের উৎপাদন, প্রযুক্তি উদ্ভাবন ও কৃষিতে আধুনিকীকরণের প্রচেষ্টা আরও গতিশীল হবে, যা দেশের কৃষি খাতকে শক্তিশালী ও টেকসই করবে।