ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : দালালের প্রলোভনে পা না দিয়ে তথ্য জেনে ও যথাযথ প্রশিক্ষণ অর্জন করে বিদেশ গেলে অভিবাসন নিরাপদ হবে’
‘বর্তমানে প্রায় প্রতিটি অনিরাপদ অভিবাসনই মানবপাচারের আওতায় পরে যা অত্যান্ত ভয়ানক’। আমাদের নিরাপদ উপায়ে বিদেশ যেতে হবে। যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে অনিরাপদ অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি কমে ও বেশি বেতন পাওয়ার পাশাপাশি আরও অনেক সুবিধা পাওয়া যায়।’-এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) ভোলাহাটে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভ সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের অধীনে আয়োজিত উপজেলা কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘ আমার ভোলাহাট উপজেলা একটি সিমান্তবর্তী উপজেলা হওয়ায় এ এলাকার মানুষ মানব পাচারের অন্যতম ঝুঁকির মধ্যে রয়েছে।
তাই আমাদের সচেতন হয়ে এলাকায় সচেতনতা বাড়াতে হবে। এছাড়া এলাকার মানুষ উন্নত জীবনের ও পরিবারের স্বপ্ন পূরণ এবং সকলের মুখে হাসি ফোটাতে নিজের যাবতীয় সহায়-সম্পদ বিক্রি করে বিদেশ যায় কিন্তু অনেকেই নানা কারণে ব্যর্থ হয়ে ফেরত আসে। তাই ব্র্যাকের মত আমাদের সবার উচিত বিদেশ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসা এই মানুষদের পাশে থাকা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ভোলাহাট উপজেলার সমাজসেবা কর্মকর্তা বলেন, ‘এলাকার বিদেশ ফেরত অভিবাসীগণ প্রয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয় হতে সরকারী বিভিন্ন সহায়তা নিয়ে পুনরায় জীবন শুরু করতে পারে। সরকারের পাশা-পাশি বিদেশে গিয়ে যারা সর্বস্বান্ত হয়ে ফিরে এসেছেন তাদেরকে যে এই প্রকল্পের মাধ্যমে ব্র্যাক সহায়তা করছে তা আমাদের সবার প্রচার করা উচিত।’
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন ‘এলাকার দালালচক্রের প্রলোভন এড়াতে আমাদেরকে সচেতন হতে হবে। ইউরোপে যাওয়ার প্রলোভনে পরে কেউ যেন গেইম বা জিম্মি না হয় তা এলাকায় প্রচার করতে হবে। দক্ষ না হয়ে বিদেশ গেলে প্রতারণা শিকার হতে হয়, কম বেতন পাওয়ার মতো বিপদ ঘটবে। দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য জনগণকে সচেতন করতে হবে।’
কর্মশালায় ব্র্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম, বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ ও নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট ইকোনোমিক রিইন্টিগ্রেশন মোঃ হুমায়ন কবির। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন ভোলাহাট উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ শামিউল বাসার, দৈনিক বরেন্দ্র নিউজ পত্রিকার প্রতিনিধি মোঃ জামিল হোসেন, প্রবাসবন্ধু ফোরামের সদস্য ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।
এসময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোছাঃ মোমেনা খাতুন ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর মোঃ শামসুজ্জামান।