আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে দাওয়াত না পাওয়ায় মাদরাসা কর্তৃপক্ষের আয়োজিত অতিথিদের খাবার খেয়ে ফেলেছেন ও নষ্ট করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। এলাকাবাসী জড়িতদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা দাবি করেছেন।
ঘটনাটি ঘটে সম্প্রতি দুপুরে উপজেলার গুলিশাখালী ন.ম.ম আমজাদিয়া আলিম মাদরাসায়। জানা গেছে, সম্প্রতি নতুন কমিটি গঠনের পর প্রথম সভায় ৫০ জন আমন্ত্রিত অতিথির জন্য খাবারের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। কিন্তু সেখানে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাদের দাওয়াত দেয়া হয়নি।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী ও সাধারণ সম্পাদক রিপন কাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মী মাদরাসায় গিয়ে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে তারা রান্না করা খাবার খেয়ে ফেলেন এবং অবশিষ্ট খাবারে টিস্যু, উচ্ছিষ্ট ও নোংরা পানি মিশিয়ে নষ্ট করে দেন বলে অভিযোগ উঠেছে।
অধ্যক্ষ মাওলানা আলী হোসেন জানান, বিএনপি নেতাকর্মীরা শিক্ষক-কর্মচারীদের গালাগাল ও হুমকি দিয়ে অতিথিদের খাবার নষ্ট করেন। ভয়ে বিষয়টি জানাতে পারেননি।
ঘটনার ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির একাধিক নেতা বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দলীয়ভাবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।