পঞ্চগড় সংবাদদাতা: এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের শতকরা ৫০ ভাগ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, এক হাজার পাঁচশত টাকা চিকিৎসা ভাতাসহ ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা। সম্প্রতি একটি বিক্ষোভ মিছিল পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক থেকে শুরু হয়ে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. অলিউল্ল্যাহ, কলেজ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. মাসুদ, ইবতেদায়ী ফেডারেশনের সভাপতি মো. মাজেদুর রহমান, সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। বর্তমানে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা যে হারে বাড়ি ভাড়া ও উৎসব এবং চিকিৎসা ভাতা পান তা খুবই হাস্যকর। তারা দ্রুত শিক্ষক কর্মচারীদের শতকরা ৫০ ভাগ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, এক হাজার পাঁচ শত টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ, নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্তি এবং শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবি জানান।

রংপুর অফিস : শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদসহ ৩ দফা ন্যায্য দাবী আদায়ে রংপুরে কর্মবিরতি পালন করেছে এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

গতকাল ১৩ অক্টোবর সোমবার কর্মবিরতির কারণে পূজার দীর্ঘ ছুটি শেষে প্রতিষ্ঠানে এসে ফিরে গেছে শিক্ষার্থীরা। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের সাথে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীও পালন করেছে।

শিক্ষকরা জানান, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বাজারে শিক্ষকরা নিরুপায় হয়ে বাড়িভাড়ার সাথে মূল বেতনের ২০ শতাংশ দাবী করেছে। এই দাবী বাস্তবায়নে তারা ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলন করলেও পুলিশ আন্দোলনে সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহারসহ শিক্ষকদের পিটিয়েছে। শিক্ষা একটি জাতিকে উন্নত করে। সেই শিক্ষাখাতকে অবহেলায় রেখে এ দেশ কখনো উন্নতি করতে পারবে না। অর্ন্তবর্তীকালীন সরকার এ দাবী না মানা পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার কথা জানান শিক্ষকরা।

শিক্ষকরা বলেন, ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আমরা কর্মবিরতি পালন করেছি। আন্দোলনের সাথে শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে। সরকার আমাদের যৌক্তিক দাবী মেনে নিয়ে, শিক্ষকদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার করবে। সারাদেশের মত রংপুরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি করে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। সরকার যত দ্রুত যৌক্তিক দাবী মেনে নেবে, তত দ্রুত আমরা ক্লাস রুমে ফিরে যাব। শিক্ষকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা কর্মবিরতিসহ মানববন্ধন-সমাবেশ করেছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

এদিকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ গোলাম মোস্তফা এবং সাধারন সম্পাদক মুহাম্মদ মফিজ উদ্দিন সরকার শিক্ষকদের ৩ দফা ন্যায্য দাবীর প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে এসব দাবী আদায়ে সরকারকে আন্তরিক ভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সম্প্রতি উপজেলার শত শত শিক্ষক কর্মচারীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন। এর পাশাপাশি দ্রুত দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা : মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীরা।

সারাদেশের ন্যায় মাগুরার মহম্মদপুরেও কর্মবিরতী শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। জানা গেছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত থাকলেও তারা পাঠদান থেকে বিরত রয়েছেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট‘-এর ডাকা এই কর্মবিরতি উপলক্ষে উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরির জাতীয়করণের দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার কলেজ মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

কর্মবিরতি ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিš‘ তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরির জাতীয়করণসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া বহুবার উত্থাপিত হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

এসময় সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তিলাই উ”চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ ও ভূরুঙ্গামারী মহিলা কলেজের পক্ষ থেকে আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকায় আন্দোলরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সব মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষকদের আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।

শিক্ষার্থীরা জানান, সামনে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। টেস্ট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ অবস্থায় তারা সিলেবাস শেষ করতে পারবেন কিনা, তা নিয় সংশয় দেখা দিয়েছে। ক্লাস না হওয়ায় তারা বাসায় চলে গেছেন।

উপজেলায় আন্দোলনরত শিক্ষক মো. ইয়াকুব আলী তালুকদার ও শামীম তালুকদার বলেন, শিক্ষকদের ওপর হামলা শুধু একজন বা দুইজনের ওপর নয়, এটি পুরো শিক্ষক সমাজের উপর হামলা। তারা হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। দাবি আদায় না হলে কর্মসূচি অব্যাগত রাখার কথাও জানান তারা।

এর আগে গত রোববার রাজধানীর প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকে লাগাতার কর্মবিরত ঘোষণা দেন আন্দোলনকারীরা।