মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাপের দংশনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাম্প্রতিক সময়ে উপজেলায় দুইজনের মৃত্যুর পাশাপাশি এক বছরে ১৬৩ জন রোগী চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে গেছেন। এ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
গত ২১ আগস্ট সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে গৃহবধূ খুকি বেগম (৩৫) সাপের কামড়ে মারা যান। গৃহস্থালির কাজে ব্যস্ত থাকার সময় হঠাৎ বিষধর সাপ তাকে দংশন করে। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তিনি মারা যান।
এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর (২০২৪) উপজেলার রাঢীকান্দি গ্রামে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মারা যান লিটন খান (৩৬)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, গত এক বছরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের দংশনের চিকিৎসা নিয়ে ১৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ গত ৩০ আগস্ট উপজেলার বোরচর এলাকার মো. জালাল উদ্দিন (৭০) রাসেল ভাইপারের দংশনের শিকার হন। স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ থাকা এন্টিভেনম দিয়ে চিকিৎসা পাওয়ায় তিনি বর্তমানে সুস্থ আছেন।