সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে তরুনীকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় প্রেমিক রশিদ, প্রেমিকের বাবা আব্বাস আলী ও প্রেমিকের মা চন্দ্রা ভানুকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বাড়ি উপজেলার বাজাইল গ্রামে। গত শুক্রবার বিকেলে বাজাইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের ৩০ বছর বয়সী এক নারীর সঙ্গে একই উপজেলার বাজাইল গ্রামের আব্বাসের ছেলে রশিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়ে তাদের।

বিয়ের পরে রশিদ তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে ওই নারীকে নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু বিয়ের পরে রশিদ স্ত্রীর মর্যাদা না দিয়ে ওই নারীকে অস্বীকার করে। পরে গত বৃহস্পতিবার দুপুরে ওই নারী স্ত্রীর দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে রশিদ এবং রশিদের বাবাসহ বাড়ির অন্যান্য লোকজন মিলে তাকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক শারীরিক নির্যাতন করে। এতে ওই নারী গুরুতর আহত হয়।

পরে সংবাদ পেয়ে সেই নারীর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর কথিত স্বামী রশিদ ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।