জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং পরিবেশ সংরক্ষণে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে গাজীপুরে ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষকদলের সভাপতি মো. আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ময়জউদ্দিন তালুকদার।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি বলেন, “শহীদদের রক্ত বৃথা যাবে না এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে আমাদের এই প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি, পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছি।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক খান জাহিদুল ইসলাম নিপু। তিনি বলেন, “জুলাই-আগস্টের শহীদরা স্বৈরাচারের বিরুদ্ধে যে আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন, তা এখনও আমাদের চলার পথ দেখায়। এই স্মৃতি যেন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের দায়িত্ব।”

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন মহানগর বিএনপির নেতা মো. হান্নান মিয়া হান্নু, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম, মহানগর কৃষকদলের নেতা জাকির হোসেন তারেক, জাকির হোসেন, সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, সহিদুজ্জামান সরকার, জসিম উদ্দিন মায়া, দেলোয়ার হোসেন, বাবুল হোসেন, রহমত উল্লাহ, সাইফুল ইসলাম আতা প্রমুখ।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা অডিটোরিয়ামের আশপাশে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। আয়োজকরা জানান, এ কর্মসূচি শহরের বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।