গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দুজন নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিতেন মন্ডল (৬০) পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তার লাশ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেয়া হয়। একটি নৌকা এই লাশটি চরে রেখে আরা আত্মীয়-স্বজনকে নিতে এ পারে আসে। তখন ২০-২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হচ্ছিলেন। ঠিক তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনার পর বাকিরা সাঁতরে উঠে এলেও তিনজন নিখোঁজ হন। স্থানীয়রা জিতেন মন্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিউজ লেখা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।