নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা ইসলাম ও পবিত্র কুরআনের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি, তথা ফাঁসির দাবি জানান। একই সাথে, ধর্ম অবমাননাকারীদের বিচারের জন্য অবিলম্বে একটি ‘ব্লাসফেমি আইন’ পাস করার জন্য অর্ন্তর্বতীকালীন সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, “এদেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য একটি মহল দিনের পর দিন ষড়যন্ত্র করে আসছে। বারবার এই চক্রান্তের শিকার আমরা হয়েছি।” তারা অবিলম্বে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।