জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাট সদর পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৌরসভার মিলনায়তনে আয়োজিত কর্মশালার দিনব্যপী বিনিয়োগ পরিকল্পনা, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, ও সিআরএপি শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার সভাপতিত্ব পৌর প্রশাসক উত্তম কুমার রায়।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম তোফাজ্জল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য জয়পুরহাট পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রকল্পের এএমই ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় উক্ত প্রকল্পের বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে আলোচনায় ছিলেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, আর্কিটেক্টস আজমিরা আক্তার, আর্কিটেক্টস ফারহানা ইসলাম, জেলা বিএনপির মহিলা দলে সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সভাপতি মাশরেকুল আলম, টিএলসিসি’র সদস্য ফ্লাইট সার্জন (অব:) আব্দুল কাইয়ুম, পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুল করিম প্রমুখ।

৬ জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে বিভন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে। গত শনিবার (১৬ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো, আদালতের সিআর মামলায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল মোমিন, শিয়ালসন গ্রামের তানভির হাসানের ছেলে রাজিবুল হাসান রকি, তার ভাই রুম্মন পারভেজ, শাওইল গ্রামের শফির উদ্দিনে ছেলে শহিদুল ইসলাম এবং জিআর মামলায় মুরইল বাজারের লয়েজ মন্ডলের ছেলে জিয়ারুল, সান্তাহার নতুন বাজারের আব্দুস ছালামের ছেলে সোহেল রানা। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান গ্রেফতারকৃদের আদালতে পাঠানো হয়েছে।

দুই ভাইয়ের এক মাসের কারাদণ্ড

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের রশিদ ডিলারের মোড় এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মহল্লাবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ লোকজন মাদকবিক্রেতা দুই সহোদর ভাইকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাদের দু’জনকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্তরা হলেন- রশিদ ডিলারের মোড় এলাকার আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২৩) ও আতিকুর রহমান (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। একই সাথে তারা মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নারীদের উত্ত্যক্ত করতো। এ ঘটনায় ইতিপূর্বে গ্রাম্য সালিশে তাদের সতর্ক করা হলেও তাদের অপকর্ম বন্ধ হয়নি। শনিবার সন্ধ্যায় এগুলোর প্রতিবাদ করলে তারা স্থানীয়দের উপর হামলা ও মারপিট করে। পরে মহল্লাবাসী সংঘবদ্ধ হয়ে দুই ভাইকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

হামলায় আহত ৫

নীলফামারী : নীলফামারীর জলঢাকা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর দেশিবাই এলাকার প্রয়াত নছর উদ্দিনের ছেলে জোবায়দুল ইসলামের সঙ্গে প্রতিবেশী প্রয়াত ঘুমারু মামুদের ছেলে নজরুল ইসলাম (৪৫), জবেদুল ইসলাম (৫০), জহিরুল ইসলাম (৪০) ও জবেদুল ইসলামের ছেলে কামরুজ্জামানের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা চলছিল। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন দুপুরে জোবায়দুল ইসলাম ধান মাড়াইয়ের কাজে জমির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বসুনিয়াপাড়ার মিনহাজুলের রাস্তার পাশের আঙ্গিনায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জোবায়দুল ইসলামকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন প্রয়াত লেবু মিয়ার স্ত্রী রাশেদা বেগম, আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী তাহেরা বেগম, জোবায়দুল ইসলাম ও তার স্ত্রী কুলছুম আক্তার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জোবায়দুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে তাদের ধারণা। এ ঘটনায় জোবায়দুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানা-এ ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, মামলা রেকর্ড হয়েছে, আসামী গ্রেফতারের প্রস্তুতি চলছে।

ভূমি সেবা মেলা

গাইবান্ধা : ৩ দিনব্যাপী ভুমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ মে) রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভুমি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি)মো. জাহাঙ্গীর আলম বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে মেলার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও মেলা একযোগে শুরু হবে যা চলবে ২১ মে পর্যন্ত।

এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। সেই দিন ৩৬ জন ভূমিহীন কে ভূমি বন্দোবস্ত করে দেয়া হবে। ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমন্বয় সভা

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, নতুন ইউনিট চালু এবং ১০০ শয্যায় উন্নীতকরণ কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবার ( ১৭ মে) সকালে হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সসদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমির সঞ্চালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, এনজিও প্রতিনিধি ও আদদ্বীন হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, চৌগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী এবং প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর প্রমুখ।

পলাতক আসামী গ্রেফতার

ঈদগাঁও (কক্সবাজার) : ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক বন মামলায় দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালিরছড়া শিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত নাজির হোসেনের ছেলে আবুল কালাম (৪০)।

জানা যায়, বিজ্ঞ আদালত বন মামলা নং-২৬/১৫ (সদর) এ আবুল কালামকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ, ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

এছাড়াও গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে আরও দুটি বন মামলার পরোয়ানা রয়েছে। মামলাগুলো হলো- বন-০২/২২ ঈদগাঁও এবং বন-৯/২৩ ঈদগাঁও।

বিশেষ অভিযানে তাকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামী আটক

কাপ্তাই (রাঙ্গামাটি) : কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত একাধিক মামলার আসামী একব্যক্তিকে চট্টগ্রামের চান্দগাঁও থেকে আটক করেছে। আটক আসামীর নাম আলুমং মারমা(৩৮)।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল, এসআই টিটু দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে থানার একাধিক মামলার আসামী সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আলুমং মারমাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

থানা সূত্র আরও জানায়, আটক আলুমং মারমার বিরোদ্ধে তিনটি মামলা রয়েছে। তিনি সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী। দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে পলাতক অবস্থায় ছিল। আলুমং মারমা চন্দ্রঘোনা থানাধীন ডলুছড়ি এলাকার বাসিন্দা।

চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামী আলুমং মারমাকে রোববার সকালে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ধান-চাল সংগ্রহ

রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারের অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ সালের সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

গত ১৭ মে সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রাজারহাট সরকারি খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় অপরূপ অটো রাইস মিল থেকে চাল ক্রয়ের মাধ্যমে সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাসুদা বেগম জানান, চলতি বোরো মৌসুমে রাজারহাট খাদ্য গুদামে মোট ১২৫০ মেট্রিক টন ধান, ১৫৭২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে। তিনি আরও জানান, উপজেলার ১টি অটো রাইস মিল ও ৪১টি চাতাল রাইস মিল থেকে চাল সংগ্রহ করা হবে। অন্যদিকে, ধান সংগ্রহের ক্ষেত্রে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সর্ব নিম্ন ১ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ২ মেট্রিক টন পর্যন্ত ধান ক্রয় করা হবে।

ভূমি সেবা মেলা

শ্রীপুর (মাগুরা) : মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৭ মে রবিবার বিকাল সাড়ে ৩টায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম, শরীফ স্বাধীন, আরাফাত হোসেন প্রমুখ।

ভূমি সেবা মেলা

ঝিনাইদহ : জাতীয় ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে ঝিনাইদহে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুর ১২ টায় ঝিনাইদহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুবীর কুমার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়। সভায় জেলার ৬টি উপজেলা নির্বাহী অফিসার এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৯-২১ মে তিন দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে।