মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার দীর্ঘদিনের দাবি এবার চরম আকার ধারণ করেছে। স্থানীয় জনগণ এবং আন্দোলনকারী নেতারা ঘোষণা দিয়েছেন, চলতি অক্টোবর মাসের মধ্যে এই দাবি মেনে গেজেট প্রকাশ করা না হলে তারা তীব্র ও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এই কঠোর আন্দোলনের অংশ হিসেবে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার কিছু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জনসমাবেশে স্পষ্ট করে বলেছেন, জনগণের এই ন্যায্য দাবি উপেক্ষা করা হলে শুধু রাজপথ নয়, জাতীয় সম্পদের ওপরও প্রভাব পড়বে।

বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন আন্দোলনের অন্যতম প্রধান আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার তাঁর বক্তব্যে সরকারকে আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দেন যে, বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন না হলে এলাকার গুরুত্বপূর্ণ শ্রীকাইল, বাঙ্গরা ও মকলিশপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে কুমিল্লা-সিলেট ও কোম্পানীগঞ্জ-নবীনগর মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির মাধ্যমে দেশের পূর্বাঞ্চলকে অচল করে দেওয়া হবে।

বাঙ্গরা বাজার থানাধীন অঞ্চলের প্রায় ২ লক্ষ ৪৭ হাজার ৮০ জন (জনশুমারি ২০২২ অনুযায়ী) মানুষের বসবাস। এরমধ্যে মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৩২৭ জন। স্থানীয়দের অভিযোগ, ভৌগোলিক দূরত্বের কারণে মুরাদনগর উপজেলা সদর থেকে এই বিশাল জনপদের মানুষ প্রশাসনিক, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত।

বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন কমিটির নেতারা জানায়, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও, গেজেট প্রকাশের প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় জনগণের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।