পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : প্লাস্টিক দূষণের অবসান, প্লাস্টিক বর্জ্যের ব্যাপক পরিবেশগত প্রভাব মোকাবেলায় ও এর ব্যবহার হ্রাসের আহ্বানে র‌্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সম্প্রতি পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামে ৪৪৯ আবাসনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা, প্লাস্টিক বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ, আবাসনের পরিবেশ রক্ষা এবং সচেতনতামুলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আবাসনে বৃক্ষরোপণ করা হয়।

সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক আহসান হাবীব, সমাজকর্মী মেহেদী সিকদার, সুন্দরবন যুব ফোরামের সভাপতি ইমরান হোসেন, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সভাপতি সোয়েব তাসিন, আবাসনের বাসিন্দা ইদ্রিস আলী ও হাবিবুর রহমান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটার সমন্বয়ক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।