কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : কেরানীগঞ্জে নুরুন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাতে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ইলেকট্রিক শকার, ১টি সুইচ গিয়ার, ২টি টর্চলাইট, ৩টি মোবাইল ফোন, ২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। গোপনে খবর পেয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডাকাতরা হলো মো: কুদ্দুস (৪১), মো: সোহরাব খা (৪৬), মো: মনির হোসেন (৩৮), মো: রফিক (৪২) ও মো: জলিল মোল্লা (৪৫)। ওসি আরও জানান, কুদ্দুসের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইন, দ্রুত বিচার আইন ও ডাকাতি সহ ৬টি মামলা, সোহরাব খাঁর বিরুদ্ধে ৩টি, মনির হোসেনের বিরুদ্ধে ৩টি ও রফিকের বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা রয়েছে।