সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। আটকৃতরা হলেনÍআরামনগর বাজারের রাউফুল ইসলাম ডিউক, আরামনগর হাজীবাড়ির রেজা একরামুল হাসান নাইম এবং পিংনা গোপালগঞ্জহাট এলাকার মো. পিয়াস। গত ১৮ আগস্ট ভোরে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র ও সেনাবাহিনী যৌথভাবে পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাজার এলাকায় এ অভিযান চালায়। গোপন সংবাদে জানা যায়, সেখানে অস্ত্র ও মাদক কেনাবেচা চলছে। অভিযানের সময় অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তিনজনকে হাতেনাতে ধরা হয়।

তল্লাশিতে একটি লোহার ছুরি (প্লাস্টিক বাটযুক্ত), দুটি চাপাতি, ১০ পিস ইয়াবা এবং নগদ ৫০ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটকের সময় ধস্তাধস্তিতে তিনজন সামান্য আহত হলে তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান রাশেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং জেল হাজতে পাঠানো হয়েছে।