কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুরে শুরু হয়েছে বোরো-ইরি ধান কাটা মাড়াই। আর এ ধান কাটা কে কেন্দ্র করে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে।
কাজিপুরে বর্তমানে ধান কাটার শ্রমিকের দৈনিক মজুরি ৯শ’ থেকে ১ হাজার টাকা। এছাড়াও তিন বেলা খাবার দিতে হচ্ছে শ্রমিকদের।
উপজেলার বরইতলা বাজার, আলমপুর চৌরাস্তা বাজার এবং গান্ধাইলের হটার মোরে প্রতিদিন কৃষি শ্রমিকের হাট বসে। ধান কাটার কৃষি শ্রমিকরা দলে দলে ধান কাটার কাঁচি ধানের আটি বহন করার রশি, স্থানীয় ভাষায় বাঁশের তৈরি বাং সহ হাজির হচ্ছেন।
বিভিন্ন স্থান থেকে প্রান্তিক কৃষকরা সেখানে এসে মজুরি দামদর করে, দামদর সঠিক হওয়ার পর কৃষি শ্রমিকদের কাজের স্থলে নিয়ে যান।
প্রতিদিন ফজরের নামাযের পর থেকে সকাল হওয়া পর্যন্ত জমজমাট থাকে কৃষি শ্রমিক (স্থানীয় ভাষায় কামলার) হাট।
কৃষকদের মাঝে প্রতিযোগিতা চলছে কার আগে শ্রমিকদের চাহিদা অনুযায়ী মজুরির বিষয়টা ফয়সালা করে মাঠে নিয়ে যাবেন। জানা গেছে স্থানীয় শ্রমিক ছাড়াও বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর, বিষারদিয়ার, বাশপাতা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা, ভেন্নাবাড়ি, কুড়ালিড়া, চিলগাছা থেকে শত শত শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে কাজিপুরে আসেন।