গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশ নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে। জানা গেছে,উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত ছিলেন। এ কারণে তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতেন। এ নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বকুল মিয়া ও তার ছেলে শাহানারার লাশ বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ এসে গৃহবধূর লাশ উদ্ধার করে।

অপরদিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বুলু মিয়ার সাথে তার স্ত্রীর মধ্যে তেমন একটা বনিবনা না হওয়ার কারণে তিনি ঢাকায় বসবাস করতেন।

গত কয়েকদিন হলো তিনি বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে সোমবার সকালের দিকে গ্রামের গোরস্থানের পাশে একটি বাঁশঝাড়ে বুলু মিয়ার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বুলু মিয়ার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, পৃথক স্থান থেকে মহিলাসহ দুইজনের লাশ উদ্ধার করে গাইবান্ধায় জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।