স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে এখনো টেকসই গণতন্ত্র, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও ক্ষমতার ভারসম্যে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতিগত সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, টেকসই সংস্কারের জন্য গণতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সংস্কার কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এটি একটি সামগ্রিক প্রক্রিয়া, যা সরকারকেই করতে হবে। এজন্য বিচার, সংস্কার ও উন্নয়ন প্রক্রিয়াকে শক্তিশালী ও এগিয়ে নিতে একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহিতা অতি গুরুত্বপূর্ণ। জবাবদিহিতা দায়িত্বশীলতা বৃদ্ধি করে, দুর্নীতি রোধ করে, স্বৈরাচারকে প্রতিহত করে। মনে রাখা দরকার যে, কোনো সরকারই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। জবাবদিহিতার মানসিকতা সু-শাসনের ক্ষেত্রে একটি সহায়ক শক্তি। আর আল্লাহ ভীরু লোক ছাড়া জবাবদিহির মানসিকতা সম্পন্ন লোক পাওয়া দুস্কর। যেহেতু প্রশাসনের দুর্নীতি, স্বৈরাচারি মনোভাব ও আইন বহির্ভূত্ব, কর্মকা- প্রতিরোধ করতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রয়োজন তাই এগুলো ছাড়া সু-শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়, আর জবাবদিহিতা ও সু-শাসন পরকালে বিশ্বাসী লোক ছাড়া বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন মাসুদ সাঈদী।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবারই নিজেদের গ-ি পেরিয়ে এগিয়ে আসতে হবে।
সম্মেলনে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাও: আব্দুল্লাহ আল ফয়সাল এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ মোঃ এনামুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আমীর মোঃ আলী হোসেন, সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমান রাতুল, বাইতুলমাল সম্পাদক মোঃ তাওহীদুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন এর উপজেলা সভাপতি মোঃ মামুন হোসাইন, ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি মোঃ ছবির খান প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি।