পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের পেকুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামী পেকুয়া সদর ইউনিয়ন শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী সংগঠক ও মইয়াদিয়া বায়তুল সালাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ শেষে মোটরসাইকেলে করে বাজারগামী হচ্ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম। বাইম্যাখালী তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে।
মাওলানা জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়ার মরহুম বখতিয়ার উদ্দিনের ছেলে। আলেম, দাঈ ও ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী হিসেবে তিনি এলাকায় ছিলেন সুপরিচিত। মানবসেবায়ও তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী। ২০২৩ সালের ভয়াবহ বন্যায় বুকসমান পানি উপেক্ষা করে বানভাসিদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া এবং অসুস্থদের কাঁধে তুলে হাসপাতালে নেওয়ার মাধ্যমে তিনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেকুয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় মরহুম মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলমের জানাজা পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আব্দুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, “হাফেজ জাহাঙ্গীর আলম ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি জীবনভর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর এই অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তাঁর শূন্যতা কখনো পূরণ করতে পারব না।” এসময় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।