কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সংসদীয় আসন সিরাজগঞ্জ- ১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়ন) এর সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ইছামতি নদীর উপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে তিন উপজেলার কয়েক হাজার মানুষ। স্বাধীনতার পর থেকে ভুক্তভোগী মানুষেরা ইছামতি নদীর উপর ওই ব্রিজটি নির্মাণের দাবী জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত নির্মিত হয়নি।

সরেজমিন রবিবার বিকেলে একডালা গ্রামের ইছামতির ঘাটে গিয়ে দেখা গেছে, নদীর উপর অস্থায়ীভাবে কাঠ ও বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করেছে এলাকার এক ব্যক্তি। তিনি টাকার বিনিময়ে মানুষজন পারাপার করেন। তবে ওই সাঁকোর উপর দিয়ে খালি রিক্সা, ভ্যান, মোটর সাইকেল পারাপার হলেও মালামাল নিয়ে ওইসব পরিবহন যেতে পারে না।

এসময় কথা হয় ওই ঘাটের সাঁকো নির্মাতা রফিক মিয়ার সাথে। তিনি বলেন, জন্মের পর থেকে এই ঘাট দিয়ে দেখছি হাজারো মানুষ চলাচল করে। বর্ষাকালে খেয়া নৌকায় পার হতে হয়। পাশের বগুড়া জেলার ধুনট উপজেলার খাটিয়ামারী, মথুরাপুর, কাশিয়াহাটা, বিষার দিয়ার, শালুয়াবাড়ীসহ আট থেকে দশ গ্রামের মানুষও পূর্বদিকে এই ঘাট ব্যবহার করে চলাচল করে। বিখ্যাত রতনকান্দি হাটে আসতে তাদের এই রাস্তা ব্যবহার করতে হয়। অথচ এখানে ব্রিজ নাই। তাই অস্থায়ী একটি সাঁকো তৈরি করে মানুষের যাতায়াতে সহযোগিতা করছি।