সাতকানিয়া সংবাদদাতা : চন্দনাইশের দোহাজারী এলাকায় সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া সাইফুল ইসলাম (২০) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ চট্টগ্রামের সাতকানিয়া থেকে উদ্ধার করা হয়েছে। সম্প্রতি সাতকানিয়ার চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গার ইন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সাঙ্গু নদীর মোহনা এলাকা থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।

সাইফুল ইসলাম কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের তোফায়েল আহমদের ছেলে। তিনি চন্দনাইশের দোহাজারীর দিয়াকুল এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিক হিসেবে দোহাজারীসহ আশপাশের এলাকায় কাজ করতেন।

পুলিশ ও সাইফুল ইসলামের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীতে পানির স্রোত বেড়ে যায়। এ সময় উজান থেকে লাকড়ি ভেসে আসছিল।