টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচাইল দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম (প্রিন্সিপাল), আল খিদমাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম (৮৭) ইন্তিকাল করেছেন।

গত সোমবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ কন্যা ও ৪ পুত্রসন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও ছাত্র-শিক্ষক রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বাদ জোহর কাইচাইল দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে কাইচাইল জান্নাতুল বাকী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা নজরুল ইসলাম প্রায় ৬০ বছর আগে উপজেলার নিতিরা গ্রাম থেকে কাইচাইল গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন কাইচাইল দারুল উলুম মাদরাসা, যা বর্তমানে এলাকার অন্যতম শীর্ষ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। দীর্ঘ ধর্মীয় জীবন, শিক্ষাদান ও সমাজকল্যাণমূলক কর্মকা-ে তার অবদান স্থানীয়ভাবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তার মৃত্যুতে ধর্মপ্রাণ মানুষ, আলেম সমাজ, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আল খিদমাহ ফাউন্ডেশন, কাইচাইল দারুল উলুম মাদরাসা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।