সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) : পবিত্র ঈদুল আযহার এখনো বেশ কিছু দিন বাকী কিন্তু এরই মধ্যে টুং-টাং শব্দে মুখর হয়ে উঠেছে টঙ্গীবাড়ির কামারের দোকানগুলো এ যেনো আগাম ঈদের আগমনী বার্তা, সকাল থেকে রাত অবধি চলছে নতুন- পুরাতন দা-বটি ছুরি, চাপাতি শাণ দেয়ার কাজ। কুরবানির ঈদ উপলক্ষে কয়েক দিন ধরে তাদের এ ব্যস্ততা বেড়ে গেছে।

যারা পশু কুরবানি দেন তাদের মাংস প্রস্তুত করতে এসব দা-বটি ছুরি, চাপাতি প্রয়োজন। তাই অনেকে এ উপলক্ষে নতুন করে দা-বটি ছুরি, চাপাতি কিনছেন আবার কেউ কেউ পুরাতনগুলোতে শাণ দিয়ে নিচ্ছেন। তাই ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। বাড়তি কিছু রোজগারের জন্য বছরের এ সময়গুলোর প্রতীক্ষায় থাকেন কামারেরা। অনেকে বাড়তি চাপ সামাল দিতে নতুন কর্মচারী নিয়েছেন। দোকানগুলোতে এখন প্রতিক্ষণই চলছে ওই সবসামগ্রী আগুনের শিখায় তাপ দেওয়া, হাতুরি দিয়ে পেটা করে তেরি ও শান দেয়ার কাজ।

টঙ্গীবাড়ি উপজেলার বালিগাও বাজারে কর্মকারের দোকান দিয়ে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা করে যাচ্ছেন পবিত্র কর্মকার । তিনি জানান, বছরের অন্য সময়গুলোতে টুকিটাকি কাজ থাকে। গত কয়েকদিন যাবৎ কাজের চাপ কিছুটা বাড়তে থাকে। এরজন্য তিনি তার নিয়মিত দুই জন কর্মচারীর পাশাপাশি আরো ২জন কর্মচারী নিয়োগ করেছেন। তার দোকানে অনেক রাত পর্যন্ত কাজ চলে। অন্যান্য কুরবানির ঈদের চেয়ে এবার একটু কাজ বেশি জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, বাকি দিনগুলোতে কাজ আরও বাড়বে। উপজেলার অন্য হাট বাজারগুলোতেও কামারের দোকানে ব্যস্ততা দেখা গেছে।