হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : ‎মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নে পদ্মার একটি শাখা নদীতে প্রায় সাত/ আট হাত লম্বা আকারের একটি কুমির সহ একাধিক কুমির দেখা গেছে। এতেকরে স্থানীয়দের মাঝে এক আতঙ্ক বিরাজ করছে। কুমিরের ভয়ে স্থানীয় মানুষজন ওই খালে গোসল করা ও জেলেরা মাছ ধরতে ভয়-ভীতির মধ্যে রয়েছে। এ পর্যন্ত তিনটি কুমির দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার চর বংখুরি ও হরিরামপুর উপজেলার ধুলশুড়া, বোয়ালী ও হারুকান্দি ইউনিয়নের কাশিয়াখালির মধ্য দিয়ে সরু একটি নদী প্রবাহিত যা পদ্মার সাথে মিলিত হয়েছে। চলতি বর্ষা মৌসুমে নদীতে তেমন পানি না হলেও নিচু এলাকা হওয়ায় শাখা নদীটি পানিতে টইটুম্বর।

সম্প্রতি ওই শাখা নদীতে প্রথমে বড় আকারের একটি কুমির দেখতে পায় এলাকাবাসী। এর পর আরো দুটি কুমির দেখতে পায়। বড় কুমিরটি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে। এ পর্যন্ত তিনটি কুমির দেখা গেছে বলে স্থানীয় জানান। এলাকাবাসির ধারণা বর্ষার পানির সাথে হয়তো পদ্মা নদী থেকেই কুমিরগুলো এই সরু নদীতে প্রবেশ করেছে।